প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 28, 2026 ইং
পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ মহাদেবপুর থানার বিশেষ অভিযান: মাদকসহ গ্রেফতার ১২

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমন ও মাদক নির্মূলে মহাদেবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সর্বমোট ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ এসকর্টের মাধ্যমে গতকাল আদালতে প্রেরণ করা হয়েছে।
মহাদেবপুর থানা সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে স্থানীয় জনগণের সহযোগিতায় থানা পুলিশ পৃথক তিনটি অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ লিটার চোলাই মদসহ ৩ জন, ৭.৫ লিটার চোলাই মদসহ ১ জন এবং ২৫০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা রুজু করা হয়েছে।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত মাদকবিরোধী অভিযানে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) ২ জন আসামিকেও গ্রেফতার করা হয়েছে।
সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মহাদেবপুর থানা পুলিশের অভিযানে মাদক মামলার ৫ জন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ৫ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪